শনিবার (৭ মার্চ) দুপুরে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফা ওই এলাকার জমির হোসেনের মেয়ে। ইজিবাইক চালক রাজিব মিয়া উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির কাছে সড়কের পাশে খেলছিল আরিফা। এ সময় গজারিয়া রহমআলী মোড় থেকে যাত্রী নিয়ে তেয়ারিরচরের দিকে যাচ্ছিল ইজিবাইক চালক রাজিব মিয়া।
হঠাৎ শিশুটি সড়কের এক পাশ থেকে আরেক পাশে দৌড়ে পার হওয়ার সময় দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে আরিফা ইজিবাইকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পর ইজিবাইক ফেলে চালক রাজিব মিয়া দ্রুত পালিয়ে যায়।
গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়সার আহমেদ ভূইয়া বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। শিশুটির মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। চালকের পরিবারের লোকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করছে। পরিবার চাইলে থানায় অভিযোগ দিতে পারে এবং স্থানীয়রা সহযোগিতা করবে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি তার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments