ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পরিবহনমন্ত্রী

ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ পরিবহন সেক্টরের সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে তৎপর রয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে ঈদে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে মন্ত্রণালয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।

পরিবহনমন্ত্রী বলেন, প্রয়োজনীয় মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে, হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। স্থানীয় প্রশাসন, বিশেষ করে সড়ক-মহাসড়ক সংশ্লিষ্ট থানা ও জেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। পরিবহন শ্রমিক নেতারাও দায়িত্ব নিয়েছেন যাতে ঈদ যাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা আদায়ের সুযোগ সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, যাত্রীদের স্বস্তিদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

Post a Comment

0 Comments