এক সপ্তাহে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, শহরজুড়ে সিসিটিভি জোরদারের ঘোষণা

সিবি ডেক্স: সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।

এ সময় দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকতকে শৃঙ্খলার মধ্যে এনে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি পুরো শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা সক্রিয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা হবে।

তিনি বলেন, দেশের ভ্রমণ তালিকায় শীর্ষে থাকা কক্সবাজার সমুদ্রসৈকতকে আরও পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপ দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যেই সৈকতের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, কক্সবাজার সমুদ্রসৈকতে যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে দেওয়া হবে। পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানের পরিবেশ নিশ্চিত করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সিসিটিভি নজরদারি জোরদার করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন।

Post a Comment

0 Comments