হত্যার প্রতিশোধের হুমকি ইরানের সেনাপ্রধানের

সিবি ডেক্স: ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানিকে হত্যার ঘটনায় চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

বুধবার (১৮ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আলী লারিজানি এবং অন্যান্য নিহতদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। উপযুক্ত সময় ও স্থানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পৃথক এক বিবৃতিতে জানায়, লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে ইতোমধ্যে ইসরায়েলের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

গত মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করা হয়। হামলার পরপরই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, তিনি নিহত বা আহত হয়েছেন।

পরবর্তীতে বুধবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ইরান লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

আলী লারিজানি ইরানের অন্যতম শীর্ষ ক্ষমতাধর কর্মকর্তা ছিলেন এবং সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। চলমান সংঘাতে নিহত উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন সর্বজ্যেষ্ঠ।

Post a Comment

0 Comments