বুধবার জারি করা এক পরিপত্রে জাতীয় ও আন্তর্জাতিক দিবস হিসেবে মোট ৮৯টি দিবস রাখার কথা জানানো হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণিতে ১৭টি, ‘খ’ শ্রেণিতে ৩৭টি এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন পরিপত্রে ৫ আগস্টকে আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এছাড়া ২০২৪ সালের গণআন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের মৃত্যুর দিন ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে।
পরিপত্রে বলা হয়েছে, ক-শ্রেণিতে থাকা ১৭টি জাতীয় দিবস ও উৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। খ-শ্রেণির ৩৭টি দিবসের মধ্যে ঐতিহ্যগতভাবে পালিত বা পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক দিবসগুলো উল্লেখযোগ্য পরিসরে পালন করা যেতে পারে। এসব অনুষ্ঠানে মন্ত্রীরা সম্পৃক্ত থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এ ধরনের আয়োজনের জন্য সরকারি উৎস থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে।
গ-শ্রেণিতে থাকা ৩৫টি দিবস প্রতীকী ও সীমিত পরিসরে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে উন্নয়ন খাত থেকে কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে না।
পরিপত্রে আরও বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় বা দপ্তর প্রচলিতভাবে যে সব দিবস পালন করে থাকে তার কিছু পুনরাবৃত্তিমূলক এবং বর্তমান সময়ে কম গুরুত্বপূর্ণ। সময় ও সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এসব দিবস পালনের সঙ্গে সংশ্লিষ্টতা পরিহার করা যেতে পারে।
এছাড়া শিক্ষা সপ্তাহ, প্রাথমিক শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান সপ্তাহ, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ, বিশ্ব শিশু সপ্তাহ, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, সশস্ত্র বাহিনী দিবস, পুলিশ সপ্তাহ, বিজিবি সপ্তাহ, আনসার সপ্তাহ, মৎস পক্ষ, বৃক্ষরোপণ অভিযান এবং জাতীয় ক্রীড়া সপ্তাহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে।
দিবস পালন সংক্রান্ত সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, সাজসজ্জা বা বড় ধরনের অনুষ্ঠান এড়িয়ে সীমিত আকারে আলোচনা, সেমিনার বা গণমাধ্যমে প্রচারের মাধ্যমে দিবস পালন করতে হবে। কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করার কথাও উল্লেখ করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো দিবস বা সপ্তাহ উপলক্ষে রাজধানীর বাইরে থেকে জেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করতে হবে এবং সরকারি কর্মসূচি যাতে অফিসের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত না ঘটায় তা নিশ্চিত করতে হবে।
0 Comments