বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে অর্ধেক লাইট-এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজ দপ্তরে অর্ধেক লাইট বন্ধ ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের মাত্রা কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে এসে কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন। এ মাত্রায় বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হয়।

রুমন আরও জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করেই অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন বিভাগ রয়েছে। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের পর তার দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ ও এসির মাত্রা কমানো হয়।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারাদেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দিনের বেলা লাইট কম ব্যবহার করে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন।

Post a Comment

0 Comments