নাশকতার প্রস্তুতি, অস্ত্রসহ ঠাকুরগাঁওয়ে ৮ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সিবি ডেক্স: ঠাকুরগাঁওয়ের গড়েয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।  

পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১০টার দিকে বাসস্ট্যান্ড চৌরাস্তায় দায়িত্ব পালনকালে খবর পেয়ে জানা যায়, গড়েয়া ইউনিয়ন পরিষদের সামনে একদল ব্যক্তি মশাল মিছিল করছে এবং দেশীয় অস্ত্র নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছে। পরে উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম সেখানে অভিযান চালায়।  

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করা হয়। এ সময় একটি রামদা, ৭টি লোহার রড, ১৪টি বাঁশের লাঠি, ১০টি মশাল এবং ২৭টি ইটের টুকরো জব্দ করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন—সাজু (২০), রাজু ইসলাম (২১), তুহিন (২০), ফাহাদ (১৯), সাজু ইসলাম (১৯), সাব্বির ইসলাম (১৯), হামির আলী (১৯) এবং নয়ন (১৮)। তারা সবাই স্থানীয় গড়েয়া ও মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।  

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments