সিবি ডেক্স: জামালপুরে কালোবাজারে পেট্রোল বিক্রির সময় বিপুল পরিমাণ জ্বালানি তেলসহ ৭ জনকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (২৫ মার্চ) ভোরে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র জ্বালানি তেলের চলমান সংকটকে কাজে লাগিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বাজারে ড্রামে করে পেট্রোল মজুদ করে বিক্রির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বুধবার ভোরে বাজারে হানা দেয়।
এ সময় ১৪টি ড্রামে থাকা ৩ হাজার ৫২ লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—আবদুল হাকিম (৪০), ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), শাহ আলম (৫০), মারুফ হোসেন (২৫), জগলু মিয়া (৪৫) ও সবুজ মিয়া (৪০)। তাদের মধ্যে একজনের বাড়ি বগুড়া জেলায় এবং অন্যদের বাড়ি জামালপুরের বিভিন্ন উপজেলায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments