সিবি ডেক্স: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ পানির নিচ থেকে বাসটি টেনে উপরে তোলে। এ সময় বাসের ভেতর থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বাসটি তলিয়ে যাওয়ার পরপরই স্থানীয়রা আরও দুজনের মরদেহ উদ্ধার করেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উদ্ধার করা মরদেহগুলো গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার আগ মুহূর্তে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
দুর্ঘটনাস্থলে নিখোঁজ যাত্রীদের স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। উদ্ধার তৎপরতায় জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন।
0 Comments