বিমানের টয়লেট প্যানেলে লুকানো ১৫৩ স্বর্ণের বার উদ্ধার

সিবি ডেক্স: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে প্রায় ১৮ কেজি ওজনের ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ অবতরণের পর কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম এবং এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

বিমানবন্দর কাস্টমস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর থেকেই নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা নজরদারিতে রাখেন। পরে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় টয়লেট প্যানেলের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Post a Comment

0 Comments