নিহতরা হলেন খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও প্রতিরক্ষা পর্ষদের সেক্রেটারি আলী শামখানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপুর। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে সাম্প্রতিক হামলায় তারা নিহত হন।
সরকারি সূত্রের বরাত দিয়ে ইরনা জানায়, ভোরে রাজধানী তেহরানে পরিচালিত হামলায় একাধিক কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে উচ্চপর্যায়ের সামরিক ও রাজনৈতিক নেতারা নিহত হন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। হামলার পর ইরান প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার মুখে ফেলেছে।
এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশ করে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি। শনিবার খামেনির তেহরানের বাসভবনের স্যাটেলাইট ছবি প্রকাশ করে আল জাজিরা। ছবিতে প্রাসাদসদৃশ স্থাপনাটি ধসে পড়া ও চারপাশে বিস্ফোরণের চিহ্ন দেখা যায়।
ফার্স নিউজ এজেন্সির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় খামেনির মেয়ে, নাতি, জামাতা ও পুত্রবধূও নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
0 Comments