৮ মাসে কোটি টাকার সম্পদ, সাবেক এপিএসের ভাইকে ঘিরে প্রশ্ন

সিবি ডেক্স: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের ভাই রিয়াজুল ইসলামের সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। পেশায় আগে গাড়িচালক হলেও বর্তমানে তার নামে উল্লেখযোগ্য সম্পদের তথ্য পাওয়া গেছে।

২০২৪-২৫ করবর্ষে দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী, রিয়াজুল ইসলাম ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন। নথিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মাত্র আট মাসে তিনি এই সম্পদ অর্জন করেছেন। এই সময়টিতেই তার ছোট ভাই মোয়াজ্জেম হোসেন সাবেক উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন।

আয়কর নথি অনুযায়ী, বর্তমানে রিয়াজুল দুটি গাড়ির মালিক। পাশাপাশি ব্যাংকে রয়েছে উল্লেখযোগ্য অঙ্কের আমানত এবং প্রায় কোটি টাকার ব্যবসায়িক মূলধন। এর বাইরেও তার নামে-বেনামে সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয়ভাবে রিয়াজুল ইসলামকে অনেকে ইলিয়াস মণ্ডল নামে চেনেন। আয়কর রিটার্ন জমা দিলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে পাওয়া তথ্যে বলা হয়েছে, এসব সম্পদ অর্জনের পক্ষে রিয়াজুল ইসলাম ওরফে ইলিয়াস মণ্ডল কোনো বৈধ উৎস দেখাতে পারেননি।

আয়কর নথিতে তিনি ব্যবসায়িক মূলধন হিসেবে উল্লেখ করেছেন ৯৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। রাজধানীর শ্যামলী শাখায় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির একটি হিসাবে তার ১৬ লাখ ৯৯ হাজার ৭২৮ টাকার এফডিআর রয়েছে, যার অর্থ অর্জনের তারিখ উল্লেখ করা হয়েছে গত বছরের ১০ নভেম্বর। এর দুই দিন আগে একই হিসাবের সঞ্চয়ী আমানতে ৪ লাখ ২৮ হাজার ৮৬৭ টাকা জমার তথ্য রয়েছে। এছাড়া গত বছরের ৩০ জুন তার হাতে নগদ ৩ লাখ ১৫ হাজার ৯৩১ টাকা অর্জনের তথ্য দেখানো হয়েছে এবং ডেলটা লাইফ ইনস্যুরেন্সে জমা রয়েছে ১ লাখ ১৩ হাজার ৩৯২ টাকা।

রিয়াজুল ইসলাম ও তার স্ত্রী সাথী খাতুনের নামে দুটি গাড়িও কেনা হয়েছে। এর মধ্যে রিয়াজুলের নিজের নামে থাকা নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো গ-৩১-৫২৯৮) এর মূল্য আয়কর নথিতে দেখানো হয়েছে ৪৩ লাখ ৬৫ হাজার টাকা, যা ২০২৪ সালের ৩০ নভেম্বর কেনা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী সাথী খাতুনের নামে থাকা প্রাইভেট কার (ঢাকা মেট্রো চ-১২-৬৮৯৭) এর মূল্য দেখানো হয়েছে ১২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা, যা কেনা হয়েছে গত বছরের ৩০ জুন।

এর আগে গত বছরের মাঝামাঝি সময়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শতকোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়ে। অভিযোগটি অনুসন্ধান শুরু করলেও অজ্ঞাত কারণে সেই অনুসন্ধান বর্তমানে স্থগিত রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ প্রসঙ্গে রিয়াজুল ইসলাম বলেন, তার দুটি গাড়ি এবং ব্যাংকে কিছু টাকার এফডিআর ছাড়া অন্য কোনো সম্পদ নেই। আয়কর নথিতে কোটি টাকার ব্যবসায়িক মূলধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি তার আইনজীবী করেছেন এবং তার মোট সম্পদের পরিমাণ ৮০ লাখ টাকার বেশি নয়।

Post a Comment

0 Comments