ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে এসে চারজন গ্রেপ্তার

সিবি ডেক্স: সাত মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা চারজনকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে রওনা হয়। তারা সেখানে ফুল দিতে যাচ্ছিল বলে জানা যায়।

তবে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছানোর পর পুলিশি বাধার মুখে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় চারজনকে আটক করে কলাবাগান থানায় নিয়ে যায় পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমকে জানান, ফুল নিয়ে মিছিল করতে করতে তারা ধানমন্ডির ৩২ নম্বরে এসেছিলেন। সেখান থেকে চারজনকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments