রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত দিয়ে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে চোরাই পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সীমান্তে টহলরত বিজিবির এক সদস্য তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা দ্রুত গ্রামের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে।
ধাওয়ার এক পর্যায়ে একজন চোরাকারবারি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গিয়ে পায়ে আঘাত পান বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আহত ব্যক্তিকে ঘিরে কিছু গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ওই বিজিবি সদস্যের ওপর চড়াও হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে খাদলা বিজিবি ক্যাম্প থেকে অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে উপস্থিত কিছু গ্রামবাসী বিজিবি সদস্যদের ওপরও ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে অস্ত্র তাক করেন বলে জানা গেছে। কিছু সময় ধরে উত্তেজনাকর পরিস্থিতি চললেও পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাই পণ্য নিয়ে প্রবেশের সময় বিজিবি সদস্যদের ধাওয়ায় একজন চোরাকারবারি পড়ে গিয়ে পায়ে আঘাত পান। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা অস্ত্র তাক করেন। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সীমান্ত দিয়ে প্রায়ই চোরাকারবারিরা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করানোর চেষ্টা করে। ফলে সীমান্ত এলাকায় প্রায়ই এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।
0 Comments