বার্তাসংস্থা রয়টার্স রোববার চারটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায়, সৌদি আরব ইরানকে জানিয়েছে যে তারা সংঘাতের অবসান কূটনৈতিক পথে দেখতে চায়। তবে সৌদির জ্বালানি খাত বা ভূখণ্ডে হামলা চলতে থাকলে একই ধরনের পাল্টা হামলা চালানো হতে পারে।
এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি তাদের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে উত্তেজনা কমানোর চেষ্টা করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুঃখ প্রকাশের আগে সৌদি আরব ইরানকে পাল্টা সতর্কবার্তা পাঠায়। দুদিন আগে সৌদির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে সৌদির অবস্থান স্পষ্ট করে জানান।
সৌদি আরব জানিয়েছে, আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের যেকোনো উদ্যোগে তারা যুক্ত হতে প্রস্তুত। পাশাপাশি তারা উল্লেখ করেছে যে, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে কোনো হামলা চালাতে দেওয়া হয়নি।
তবে সৌদির ভূখণ্ড ও জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে বাধ্য হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ইরান যদি জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে যায়, তাহলে সৌদি আরবও পাল্টা হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, উত্তেজনা কমানোর লক্ষ্যে ব্যাক চ্যানেলের মাধ্যমে সৌদি আরব ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে এ বিষয়ে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।
0 Comments