দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে তিনটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পেজেশকিয়ান বলেন, তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কথা হয়েছে। তাদের কাছে তিনি যুদ্ধ বন্ধের জন্য ইরানের অবস্থান তুলে ধরেছেন।
ইরানের প্রেসিডেন্টের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে—ইরানে চালানো হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, ইরানের অধিকারগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেন আর কোনো আগ্রাসন না চালায়, সে বিষয়ে আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “ইহুদিবাদী (ইসরায়েল) এবং যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো—ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না বলে আন্তর্জাতিকভাবে শক্তিশালী গ্যারান্টি দিতে হবে।”
সূত্র: দ্য গার্ডিয়ান
0 Comments