সিবি ডেক্স: কুমিল্লার বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বরুড়া পৌর সদরের পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী আকবর (৫৫) এবং অভিযুক্ত তার ছেলে আবুল কালাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বসতঘরে হঠাৎ করেই আবুল কালাম তার পিতা আলী আকবরের ওপর ধারালো দা নিয়ে হামলা চালান। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর দাবি, আবুল কালাম প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এর আগে তিনি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা অভিযুক্ত আবুল কালামকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সঞ্জয় সরকার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments