অনুমোদনহীন বিশ্ববিদ্যালয় শাখা-স্টাডি সেন্টার বন্ধের নির্দেশ ইউজিসির

সিবি ডেক্স: দেশে অনুমোদনহীন সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (৩০ মার্চ) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে অনুমোদন পাওয়ার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আবেদন করতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, সরকার ও ইউজিসির অনুমতি ছাড়াই দেশে কয়েকটি দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে, যা নিয়ে কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ধরনের প্রতিষ্ঠানের একটি তালিকা ইতোমধ্যে কমিশনের কাছে রয়েছে।

ইউজিসি জানায়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী দেশে এ ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দিষ্ট নিয়ম রয়েছে। বিধিমালার ৪(৩) এর দফা (ঝ) অনুযায়ী, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে বৈধতা পেতে ২৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে কমিশনে আবেদন করতে হবে।

কমিশনের পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। অন্যথায় অননুমোদিতভাবে কার্যক্রম চালিয়ে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments