জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল প্রায় ৯০ টাকা

সিবি ডেক্স: দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম এক ধাক্কায় লিটারে প্রায় ৯০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এই মূল্যহার ঘোষণা করা হয়, যা একই দিন মধ্যরাত থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বেড়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজার, আমদানি ব্যয় এবং বিদ্যমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

সংশ্লিষ্টদের মতে, জেট ফুয়েলের এই বড় ধরনের মূল্যবৃদ্ধির প্রভাব বিমান ভাড়ায় পড়তে পারে, বিশেষ করে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের খরচ বাড়ার আশঙ্কা রয়েছে।

Post a Comment

0 Comments