১৬ মার্চ দিনাজপুরে নদী-খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিবি ডেক্স: দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পাশাপাশি একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে একযোগে এই কর্মসূচির সূচনা করবেন। পানিসম্পদ, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এই বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, এটি কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের একটি বড় রাজনৈতিক অঙ্গীকার। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের মাধ্যমে সম্পন্ন করতে হবে, যাতে গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

তিনি আরও জানান, এই কর্মসূচিতে কেবল শ্রমিক নয়, স্বেচ্ছাসেবী সংগঠনসহ হাইস্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে দেশ গড়ার উদ্যোগে সরাসরি যুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

খাল খনন প্রকল্পে অতীতে অর্থ লোপাটের অভিযোগের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এবার অনিয়ম ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করবেন এবং জনসম্পৃক্ততা বাড়ানো হবে। এতে সাধারণ মানুষের নজরদারির মধ্য দিয়ে দুর্নীতির সুযোগ কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Post a Comment

0 Comments