মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

সিবি ডেক্স: মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফা হামলা চালানোর দাবি জানিয়েছে ইরান। শনিবার ইরানের নৌবাহিনী ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডবাহিনীর (আইআরজিসি) নৌ-প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়। খবরে বলা হয়েছে, ওই অঞ্চলে অবস্থিত তিনটি মার্কিন সামরিক ঘাঁটিতে পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী।

তাংসিরি জানান, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত আল-ধাফরা, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে এসব হামলা চালানো হয়েছে। তার দাবি, হামলার লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক।

এদিকে ইরানের খারগ দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার ঘটনার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব গোপন সামরিক স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

শনিবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার প্রয়োগের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে অবস্থানরত মার্কিন সামরিক উপস্থিতি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল, ব্যবহৃত বন্দর ও ডক এবং মার্কিন সৈন্যদের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বন্দর, ডক ও মার্কিন সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে আইআরজিসি।

Post a Comment

0 Comments