গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বাবার কবর ভাঙচুর করলেন ছোট ছেলে।

সিবি ডেক্স: গাইবান্ধার সদর উপজেলায় জমির অংশ কম পাওয়ার অভিযোগে বাবার কবর ভাঙচুর করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।  

স্থানীয় সূত্রে জানা যায়, খোলাহাটী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আনালের তাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া মৃত্যুর আগে তার ৪ বিঘা সম্পত্তি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। তার পাঁচ ছেলে হলেন—জালাল উদ্দিন, ইকবাল মিয়া, রেজ্জাক মিয়া, এজাদুল মিয়া ও ছোট ছেলে শাহ আলম মিয়া শালু।  

অভিযোগ রয়েছে, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়াকে বেশি জমি দেওয়া হয়েছে—এমন দাবি তুলে মঙ্গলবার দুপুরে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু তার বাবার কবরের ওপর উঠে বাঁশের ঘেরাগুলো ভাঙচুর করেন। কবরটি ইকবাল মিয়ার অংশে থাকায় তিনি সেটিকে নিজের দাবি করে এই কাজ করেন বলে জানা গেছে।  

স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি-ধমকি দেওয়া হয়। তবে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক এবং নিন্দনীয়।

Post a Comment

0 Comments