কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর-এ এক ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল (টার্মিনাল-১) আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কুয়েত-এর কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আহত বাংলাদেশি কর্মী স্থানীয় ‘ওয়ায়েল আল নসিব’ কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। দূতাবাস তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।
এদিকে, কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি এক বিবৃতিতে জানান, ড্রোনটি আঘাত হানার পরপরই জরুরি প্রটোকল চালু করা হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ক্ষয়ক্ষতি নিরূপণ ও স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের কাজ চলছে।
সবশেষ তথ্য অনুযায়ী, পরিস্থিতি এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কুয়েত সরকার জানিয়েছে, এ হামলা সংক্রান্ত নতুন তথ্য নিয়মিতভাবে সরকারি চ্যানেলে জানানো হবে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
0 Comments