তেল না পেয়ে ক্ষোভ, নড়াইলে ট্রাকচাপায় পাম্প ম্যানেজারকে হত্যা

সিবি ডেক্স: নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার (৩৫) উপজেলার তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। আহত জিহাদুল মোল্যা (২৯) একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে তেল নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার পরও ট্রাকচালক পাম্প এলাকায় অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে কাজ শেষ করে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন নাহিদ। এসময় দ্রুতগতিতে ট্রাকটি তাদের পিছু নেয় এবং চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদ নিহত হন। গুরুতর আহত জিহাদুলকে প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাকচালক প্রকাশ্যে নাহিদকে চাপা দিয়ে হত্যার হুমকি দেন। এ ঘটনায় নিহতের সহকর্মী ও স্থানীয়রা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে বিচার দাবি করেছেন।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, নিহত নাহিদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments