ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ভোটে নির্বাচিত অ্যাসেম্বলি অব এক্সপার্টে

সিবি ডেক্স: ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

বাংলাদেশ সময় সোমবার রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে।

ইরানের ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে থাকে। সর্বশেষ ভোটাভুটিতে এই পরিষদ মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। একই সঙ্গে নতুন নেতার প্রতি দেশের জনগণকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে পরিষদটি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার সঙ্গে আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকাকালে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল এবং ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

তার বাবা বয়সের কারণে দুর্বল হয়ে পড়ার পর থেকেই অনেকেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছিলেন। ৫৬ বছর বয়সী মোজতবা নিজে অবশ্য এ বিষয়ে কখনো প্রকাশ্যে আলোচনা করেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইদিন আগে জানিয়েছিলেন, মোজতবা সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি একাধিক সংবাদমাধ্যমকে বলেন, ইরানের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে সরাসরি যুক্ত করতে হবে। তবে সেই বক্তব্য উপেক্ষা করে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকেই নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট।

১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানের প্রথম সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ খোমেনি। পরে তার মৃত্যুর পর এই দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি। সাম্প্রতিক হামলায় তার মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।

Post a Comment

0 Comments