তিনি বলেন, জনগণের বিপুল সমর্থনের প্রতিদান হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সবাইকে যেকোনো প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার এবং দুর্নীতির প্রশ্নে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দ্রুত দৃশ্যমানভাবে বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের সম্ভাব্য উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যভিত্তিক হওয়ায় শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য মধ্যপ্রাচ্য সফরের প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, শ্রমবাজার সম্প্রসারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় সেটির ধারাবাহিকতা ছিল, যা পরে বিভিন্ন কারণে ব্যাহত হয়।
এ ছাড়া প্রতিমন্ত্রী জানান, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার আগামী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও বৈঠকে উল্লেখ করা হয়েছে।
0 Comments