নির্বাচনের ২৪ ঘণ্টার মধ্যেই ব্যানার খুলে পরিচ্ছন্নতায় নামলেন রনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই নিজ হাতে নির্বাচনী ব্যানার অপসারণ করে এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন গাজীপুর-২ আসনে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর শহরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রেলগেট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। রনির এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের ধকল কাটিয়ে ওঠার আগেই নিজ এলাকায় উপস্থিত হয়ে পরিবেশ পরিচ্ছন্নতায় যুক্ত হওয়ায় তারা আনন্দিত ও বিস্মিত। স্থানীয়দের মতে, দিনের শুরু যেমন হয়, দিনটিও তেমনই কাটে—এই উদ্যোগ ভবিষ্যতের নেতৃত্বেরই প্রতিফলন। তারা মনে করছেন, একজন যোগ্য জনপ্রতিনিধিকেই তারা নির্বাচিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রনি বলেন, নিজের এলাকার পরিবেশ সুন্দর রাখাই তার মূল লক্ষ্য। সে কারণেই দ্রুত ব্যানার ও পোস্টার অপসারণের উদ্যোগ নিয়েছেন। নির্বাচনের পরপরই এমন কাজ শুরু করা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে কিনা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ তাকে নির্বাচিত করেছে, তাই তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

গাজীপুর-২ আসনের জনগণের প্রতি নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে রনি বলেন, নির্বাচনের আগে বাসিন্দাদের সঙ্গে যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়নই তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচির আলোকে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে গাজীপুরকে গড়ে তোলা হবে। বড় বড় প্রকল্পের নামে দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের স্বাবলম্বী করে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

কোন কাজ দিয়ে যাত্রা শুরু করতে চান—এমন প্রশ্নের উত্তরে রনি বলেন, প্রথমেই এলাকার জনগণের সঙ্গে বসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে সিদ্ধান্ত নেওয়া হবে। সবাইকে সঙ্গে নিয়েই নিরাপদ, সুন্দর ও পরিচ্ছন্ন গাজীপুর গড়ে তোলাই তার প্রত্যয়।

Post a Comment

0 Comments