শুক্রবার বাদ জুমা কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কক্সবাজার শহরের বাহারছড়া জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। জুমার নামাজ আদায়ের পর তিনি দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। নামাজ শেষে লুৎফুর রহমান কাজল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় এলাকাবাসী ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় প্রতিক্রিয়ায় লুৎফুর রহমান কাজল বলেন, তার প্রথম ও প্রধান লক্ষ্য একটি নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক কক্সবাজার গড়ে তোলা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, পর্যটন শিল্পের টেকসই উন্নয়নের পাশাপাশি মৎস্য ও লবণ শিল্পসহ স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর সুরক্ষা ও বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কক্সবাজারকে আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন তিনি।
নির্বাচনী প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, জয়-পরাজয় গণতন্ত্রের স্বাভাবিক অংশ। জয় মানেই বড় ব্যবধান নয়, আবার পরাজয় মানেই ব্যর্থতা নয়। অনেক ক্ষেত্রে এক ভোটের ব্যবধানেও জয়-পরাজয় নির্ধারিত হয়—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভালো লড়াই করেছেন বলেও তিনি উল্লেখ করে পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্ব দেন।
কক্সবাজার শহরের পাশাপাশি উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, রামু, ঈদগাঁও, মহেশখালী, কুতুবদিয়া ও সদর উপজেলায়ও জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
0 Comments