দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে বিশেষ মহড়া (মক টেস্ট) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে এই যৌথ মহড়া পরিচালিত হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সম্ভাব্য ঝুঁকি নিরসনে এই মহড়ার আয়োজন করা হয়। এর আগে দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও শাহীন দেলোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৯ বিএসটির মেজর মারুফুল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনসহ বিজিবি ও আনসার বাহিনীর কন্ট্রোলিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং যৌথভাবে নিরাপত্তা মহড়া প্রত্যক্ষ করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে চকরিয়া উপজেলার ১৩০টি ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, এই মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্রভিত্তিক সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যাচাই করা হয়েছে।
প্রশাসনের লক্ষ্য একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
0 Comments