সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঈদগাঁও উপজেলার উত্তর মাইজপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধারকারীরা তাকে প্রথমে ঈদগাহ আল হারামাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আহত কিশোর জানায়, তার পিতার নাম কামাল, মায়ের নাম শারমিন এবং বাড়ি নাঙ্গলকোট এলাকায়। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। কোনো অভিভাবক না থাকায় বর্তমানে স্থানীয় একটি মানবিক সংগঠন তার চিকিৎসার দেখভাল করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় কিশোরটির একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
ইসলামাবাদ রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. আবদুল কাইয়ুম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। তার ধারণা, সন্ধ্যা পৌনে ৮টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পর্যটন এক্সপ্রেস ৮১৫ নম্বর ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের সময় কিশোরটি ট্রেন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। তিনি বলেন, অসচেতনতার কারণেই এ ধরনের মর্মান্তিক ঘটনা মাঝে মধ্যেই ঘটছে।
এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, উদ্ধার হওয়ার পর আহত কিশোরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
0 Comments