কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। তিনি জানান, প্রধানমন্ত্রী সরাসরি ফোন করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও আহতদের খোঁজখবর নিয়েছেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুরুতর আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ৪ জন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এবং দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
বুধবার রাতে কলাতলী এলাকায় অবস্থিত একটি এলপিজি গ্যাস স্টেশনে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের একটি গ্যারেজ ও কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার কার্যক্রমে যোগ দেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে গ্যাস স্টেশন ছাড়াও পাশের গ্যারেজে থাকা অন্তত ২০টি যানবাহন এবং কয়েকটি বসতঘর পুড়ে যায়।
স্থানীয়দের দাবি, ঘটনার দিনই পাম্পটির উদ্বোধন করা হয়েছিল এবং উদ্বোধনের পর থেকেই পাইপের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। মেরামতের চেষ্টা ব্যর্থ হলে একপর্যায়ে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
0 Comments