ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি ৩০০ আসনের মধ্যে ২০৯টিতে জয়লাভ করে। এর মাধ্যমে দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসনে জয় পেয়েছে।
বিএনপির এই বড় জয়ের পর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা যায়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি তিনি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে দুই দেশের শান্তি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বিএনপির নির্বাচনী সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট গণতান্ত্রিক অংশীদারত্ব ও পারস্পরিক অগ্রগতির প্রতি পাকিস্তানের দৃঢ় সমর্থনের কথা জানান। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।
এদিকে, সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি এই বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে আখ্যায়িত করে বলেন, নানা চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে প্রকাশ করেছে।
সফলভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করে।
এ ছাড়া বিএনপির বড় জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
আন্তর্জাতিক মহলের এসব অভিনন্দন বার্তা বিএনপির নির্বাচনী বিজয়কে বৈশ্বিকভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
0 Comments