হঠাৎ ‘বিশেষ’ সংবাদ সম্মেলন ডাকলেন ঢাবি উপাচার্য, পদত্যাগের গুঞ্জন

হঠাৎ করেই ‘বিশেষ’ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকাল ৩টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে একে ‘বিশেষ’ সংবাদ সম্মেলন হিসেবে উল্লেখ করা হয়েছে।

রেজিস্ট্রার অফিস সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এটি পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি নয়। জরুরি ভিত্তিতে সাংবাদিকদের ডাকা হয়েছে এবং সংবাদ সম্মেলনে উপাচার্য নিজেই বক্তব্য দেবেন।

এদিকে সংবাদ সম্মেলনের ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয় অঙ্গনে উপাচার্যের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর আগেও উপাচার্যের বিদেশ সফরকে কেন্দ্র করে এ ধরনের গুঞ্জন শোনা গিয়েছিল। ফলে হঠাৎ এই সংবাদ সম্মেলনকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে কৌতূহল ও আলোচনা বেড়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিছকই গুজব। সূত্রটি দাবি করেছে, নির্বাচনের দুদিন আগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান তার উপাচার্য পদে থাকা বা না থাকার সিদ্ধান্ত পরবর্তী সরকারের ওপর ছেড়ে দেওয়ার অবস্থান জানাতে পারেন। সে ক্ষেত্রে ‘সরকার চাইলে থাকবেন, না চাইলে থাকবেন না’—এমন বক্তব্যও আসতে পারে।

তবে ঠিক কী উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি পরিষ্কার হবে সংবাদ সম্মেলনে উপাচার্যের বক্তব্যের মাধ্যমেই।

Post a Comment

0 Comments