বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা ভেঙে দিল ছাত্রদল কর্মীরা

সিবি ডেক্স: কক্সবাজার শহরের বাঁকখালী নদী তীরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ব্যানার ব্যবহার করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। শনিবার রাতে অভিযানে বাঁশ ও টিন দিয়ে নির্মিত অন্তত ১৫টি অস্থায়ী দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

জাতীয় সংসদ নির্বাচনের পর শুক্রবার রাতে কয়েকজন দখলদার কস্তুরাঘাট এলাকায় এসব দোকান নির্মাণ করেন। এর মধ্যে একটি দোকানে কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল–এর নির্বাচনী প্রচারণার ধানের শীষের ব্যানারও টাঙানো হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, তাঁর নাম ব্যবহার করে নদীর জমি দখল করা হচ্ছে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করে এমপি কাজল ফেসবুক পোস্টে দখলবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং পুলিশে ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণাও দেন। এরপর শনিবার রাতে ছাত্রদল নেতা–কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেন।

লুৎফুর রহমান কাজল বলেন, নদীর জমির মালিকানা নিয়ে কিছু বিতর্ক থাকলেও অবৈধভাবে নদী বা নদীবন্দরের জমি দখল করে স্থাপনা তৈরির সুযোগ দেওয়া হবে না। তাঁর নির্বাচনী ব্যানার যারা ব্যবহার করেছে, তাদের শনাক্ত করার কাজ চলছে।

Post a Comment

0 Comments