বেনাপোল আইসিপিতে ট্রাক থেকে ট্যাপেন্টাডলসহ ভারতীয় চালক আটক

যশোরের বেনাপোল বন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) কার্গো ভেহিকেল এলাকায় ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ভারতীয় ট্রাকচালককে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটে ভারত থেকে আগত একটি ট্রাক (নম্বর: ডব্লিউবি-১১ ইউ-০৩৯৭) তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১ হাজার ৬০০ পিস অবৈধ নেশাজাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

অভিযানে আটক ট্রাকচালকের নাম আনার গাজী (৩৯)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার মনিগ্রাম এলাকার সুখপুকুর গ্রামের বাসিন্দা এবং হাজরা গাজীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments