ভোটকেন্দ্র পাহারা দেব, গুলির মুখে চুপ থাকব না: ডাকসু জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, “আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালেট যুদ্ধের, আর তারা প্রস্তুতি নিচ্ছে বুলেট যুদ্ধের। চব্বিশের গণ-অভ্যুত্থানে যে যুবকেরা পিঠ নয়, বুক পেতে দিয়েছে—তারা কি গুলির মুখে চুপ থাকবে? আমরা ভোটকেন্দ্র পাহারা দেব, ইনশাল্লাহ।”

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজারে কক্সবাজার-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর সমর্থনে ১১ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ আরও বলেন, জামায়াতে ইসলামের আমির ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে একটি ‘পাহারাদার অ্যাপস’ চালু করা হবে। এই অ্যাপসের মাধ্যমে চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের অভিযোগ জানানো যাবে এবং অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ ব্যবস্থা নেবে বলে তিনি দাবি করেন।

পথসভায় প্রধান বক্তার বক্তব্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী বলেন, কক্সবাজারের প্রতিটি আসনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ জনগণকে হাতছানি দিচ্ছে। আমরা শাসক হতে নয়, জনগণের সেবক হতে এসেছি। ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে।

সভায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments