ব্যয়ভার বহন করতে না পেরে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেন মান্না

ব্যয় নির্বাহ করতে না পারায় ঢাকা-১৮ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে মাহমুদুর রহমান মান্না উল্লেখ করেন, তিনি বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন এবং একটি বিশেষ পরিস্থিতির কারণে ঢাকা-১৮ ও বগুড়া-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানান, ঢাকা-১৮ একটি অত্যন্ত বড় নির্বাচনী এলাকা, যার আওতায় সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে।

নির্বাচনের ব্যয় প্রসঙ্গে মান্না বলেন, বর্তমান বাস্তবতায় নির্বাচন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে, যা তার পক্ষে বহন করা সম্ভব নয়। এই প্রেক্ষাপটেই তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, তার এই সিদ্ধান্তে অনেকে মনে কষ্ট পেতে পারেন। এজন্য তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করেন। মান্নার এই ঘোষণার মধ্য দিয়ে ঢাকা-১৮ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post a Comment

0 Comments