মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক মিয়া ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের জাফরনগর গ্রামের বরহী বাড়ির বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় দুর্জয় মোড় এলাকায় তীব্র যানজট ছিল। ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকসহ অন্যান্য যানবাহনগুলো তখন স্থির অবস্থায় ছিল। এ সময় নূরানী মসজিদের বিপরীত পাশে সড়কের রোড ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। হঠাৎ তিনি একটি ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকচালক বিষয়টি বুঝতে না পেরে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শক্তিপদ মৃধা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সিলেট থেকে ঢাকাগামী ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০-৪২০২) জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভৈরব হাইওয়ে থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
0 Comments