কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণে ছাত্রদলের খোলা চিঠি

হুমায়ুন কবির: কক্সবাজার সিটি কলেজ জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি দিয়েছে কক্সবাজার সিটি কলেজ ছাত্রদল। চিঠিটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুদানকৃত পাঁচ একর জমিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে ও স্থানীয় জনগণের সহযোগিতায় প্রতিষ্ঠিত কক্সবাজার সিটি কলেজ ৩৩ বছর ধরে উচ্চশিক্ষা বিস্তারে ভূমিকা রেখে আসছে।

বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক (সাধারণ, ব্যবসায় ব্যবস্থাপনা ও প্রযুক্তি), ডিগ্রি (পাস), ১৪টি বিষয়ে অনার্স, ২টি বিষয়ে প্রফেশনাল অনার্স, ৯টি বিষয়ে ফাইনাল মাস্টার্স, ৬টি বিষয়ে প্রিলিমিনারি ও প্রাইভেট মাস্টার্স এবং ১টি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। প্রায় ১২ হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। কর্মরত আছেন ১৬৫ জন শিক্ষক, ৩ জন প্রদর্শক এবং ৪৪ জন কর্মকর্তা-কর্মচারী।

চিঠিতে দাবি করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২২ সেশনে পদার্থবিজ্ঞান বিষয়ে একজন শিক্ষার্থী জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। বিশ্বব্যাংকের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় তিনটি কম্পিউটার ল্যাব, পদার্থবিজ্ঞান ও বায়োকেমিস্ট্রি ল্যাব এবং তুর্কি সহযোগিতায় ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট ল্যাব স্থাপন করা হয়েছে।

কক্সবাজারকে দেশের পর্যটন শিল্পের কেন্দ্র উল্লেখ করে চিঠিতে বলা হয়, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী গুণগত ও সমতামূলক শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি জাতীয়করণ সময়ের দাবি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, কক্সবাজার শহর ‘এ’ ক্যাটাগরির পৌরসভা হলেও জেলা সদরে কো-এডুকেশনের আর কোনো সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। ফলে কলেজটি জাতীয়করণ হলে জেলার দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে এবং বৈষম্যহীন শিক্ষা নিশ্চিত করা সহজ হবে।

কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুল মোস্তফা শিবলী স্বাক্ষরিত চিঠিতে কলেজ জাতীয়করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করা হয়েছে।

Post a Comment

0 Comments