এনসিটি চুক্তি না করার সিদ্ধান্তে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত

সিবি ডেক্স: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে সরকারের পক্ষ থেকে বর্তমান মেয়াদে নতুন চুক্তি না করার অবস্থান জানানো হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর বক্তব্যের পর নেতাদের সঙ্গে সন্তোষজনক আলোচনার ভিত্তিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ তাদের চলমান ধর্মঘট কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচন ও রমজান সামনে রেখে পণ্য খালাস স্বাভাবিক রাখতে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকবে। তবে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের গ্রেপ্তার, হয়রানিমূলক মামলা, বদলি, বরখাস্ত ও বাসা বরাদ্দ বাতিলসহ নেওয়া বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থার সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি লিজ দেওয়ার সম্ভাবনার প্রতিবাদে ৩১ জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয় এবং ৪ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতির ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগে দফায় দফায় বৈঠকের পর আপাতত আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত আসে।

Post a Comment

0 Comments