নির্বাচনে নাশকতা রোধে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে কঠোর নজরদারি, যৌথবাহিনীর ৪৬টি অভিযান

সিবি ডেক্স: জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামে নাশকতা ও সহিংসতা রোধে রোহিঙ্গাদের ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। ভোটগ্রহণের আগে, ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়সহ পুরো নির্বাচনকালজুড়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে যাতায়ত বন্ধ এবং তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্ণেল তানভীর আহমেদ।

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে কোনো ধরনের উদ্ভট বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে কাঁটাতারের বেড়া মেরামত, চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

লে. কর্নেল তানভীর আহমেদ আরও জানান, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের দুর্গম ভোটকেন্দ্রগুলোতেও সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। কোনো ভোটকেন্দ্রের ভেতরে বা বাইরে অনিয়ম কিংবা সংঘাত সৃষ্টি হলে সেনাবাহিনী পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সরাসরি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে। নির্বাচনে কোনো অশুভ শক্তি সহিংসতা সৃষ্টির সুযোগ পাবে না বলেও তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মতবিনিময় সভার আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্ণেল সুতফা জামান সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানের চিত্র তুলে ধরেন। তিনি জানান, গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যৌথবাহিনী মোট ৪৬টি অভিযান পরিচালনা করেছে।

এসব অভিযানে ৬টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আলোচিত হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১ হাজার ১৪৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

Post a Comment

0 Comments