নির্বাচন সামনে, ৯৬ ঘণ্টা এমএফএস লেনদেনে কঠোর সীমা আরোপ

সিবি ডেক্স: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে সাময়িক কঠোর সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী বিকাশ, রকেট ও নগদসহ সব এমএফএস প্ল্যাটফর্মে ব্যক্তি হিসাব থেকে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা লেনদেন করা যাবে এবং দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের অনুমতি থাকবে। ফলে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পি-টু-পি লেনদেনের অপব্যবহার প্রতিরোধে ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এই সীমা কার্যকর থাকবে। একই সময়ে এনপিএসবি’র আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি-থেকে-ব্যক্তি ইন্টারনেট ব্যাংকিং লেনদেনও সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অপরিবর্তিত থাকবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে এমএফএস-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠানকে কুইক রেসপন্স সেল গঠন করতে হবে এবং সব লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এমএফএস লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন এই সাময়িক সীমা আরোপের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন ও নির্বাচনী অনিয়ম প্রতিরোধের লক্ষ্যেই কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Post a Comment

0 Comments