আলেম-ওলামাদের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

সিবি ডেক্স: বিএনপিকে সমর্থন দেওয়ায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন জানিয়েছেন।

এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে তাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে। তিনি মনে করেন, আলেম-ওলামাদের এই অবস্থান জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠার করণীয় সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দেবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

Post a Comment

0 Comments