পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫

সিবি ডেক্স: পাবনার সাঁথিয়া উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার একেএম মশিউর রহমান মণ্ডল দুর্ঘটনা ও নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের নাম জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে শাহজাদপুর ট্রাভেলসের একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

Post a Comment

0 Comments