ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রামুতে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা নিহত

সিবি ডেক্স: কক্সবাজারের রামু উপজেলায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ফরিদ (আর্মি ফরিদ) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা–বাগান সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তাঁর বাবা মো. কালু, যিনি নিজেও সাবেক সেনা সদস্য ছিলেন, তিনি পূর্বেই মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় ফরিদ রামু থেকে এটিএম বুথে টাকা তুলতে যান। টাকা উত্তোলন শেষে বাড়ি ফেরার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।

খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

0 Comments