ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বিদেশি লবণ আমদানির বিরুদ্ধে মহেশখালীতে বিক্ষোভ

সিবি ডেক্স: দেশে পর্যাপ্ত লবণ উৎপাদন থাকা সত্ত্বেও বিদেশ থেকে লবণ আমদানির সরকারি অনুমতির প্রতিবাদে এবং দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে মহেশখালী লবণ উৎপাদনকারী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের চাহিদার চেয়ে বেশি লবণ উৎপাদন সত্ত্বেও বিদেশি লবণ আমদানির অনুমোদন স্থানীয় শিল্পের জন্য ভয়াবহ হুমকি। “আমরা ঘাম ঝরিয়ে লবণ উৎপাদন করি, অথচ নীতিগত দুর্বলতা ও বিদেশি লবণ আমদানির কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি,”—বলেন একাধিক লবণচাষি।

বক্তারা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর অব্যবস্থাপনা, দালালচক্রের প্রভাব ও নীতিহীনতার তীব্র সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, বিসিকের অদক্ষতা ও দুর্নীতির কারণে লবণচাষিরা নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন। তারা সতর্ক করেন—বর্তমান ব্যবস্থাপনা সংস্কার না হলে দেশের ঐতিহ্যবাহী লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে।

বক্তারা আরও বলেন, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া ও উপকূলীয় অঞ্চলের লাখো লবণচাষি এই শিল্পের সঙ্গে জড়িত। অথচ সরকারি নীতিনির্ধারকরা বিদেশি স্বার্থে দেশীয় উৎপাদকদের উপেক্ষা করছেন, যা এক প্রকার অর্থনৈতিক শোষণ ও অন্যায়।

তারা সরকারের প্রতি তিন দফা দাবি জানান—
১️⃣ বিদেশ থেকে লবণ আমদানি অবিলম্বে বন্ধ করা,
২️⃣ দেশীয় লবণের ন্যায্য মূল্য নির্ধারণে সরকারি তদারকি বাড়ানো,
৩️⃣ লবণচাষিদের জন্য সহজ ঋণ, প্রণোদনা ও সংরক্ষণ ব্যবস্থার উদ্যোগ নেওয়া।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. শহিদুল্লাহ এবং সঞ্চালনা করেন মাওলানা আতাউর রহমান। এতে হাজারো লবণচাষি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

0 Comments