ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মহেশখালীতে জমি বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন!

সিবি ডেক্স: কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের সংঘর্ষে ফোরকান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া এলাকার দুই ভাই—আবুল কালাম ও মুহাম্মদ ফোরকানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগে একাধিকবার তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

তবে বিষয়টি একসময় চরমে ওঠে। গত ২৯ সেপ্টেম্বর ফের জমি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবুল কালাম ধারালো অস্ত্র দিয়ে ফোরকানকে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা আহত ফোরকানকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে ফোরকানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভাইয়ের হাতে ভাই হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। অভিযুক্ত আবুল কালামকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

0 Comments