Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক সম্রাট গ্রেপ্তার

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। তিনি খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলার আসামি।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেদায় অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর আলমকে ধৃত করা হলে তার শোরগোলে এবং নির্দেশে প্রায় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী লাঠি-সোটা নিয়ে র‌্যাব সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে এবং রাস্তা ব্যারিকেড দিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে র‌্যাবের কয়েকজন সদস্য আহত হন।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের দুই সহযোগী মো. ছালাম (১৮, রোহিঙ্গা) ও মো. আনোয়ার হোসাইন (২৭)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে দুটি লাঠি ও সাত টুকরো ইট জব্দ করা হয়।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল দলের ওপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয়: জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- মৃত লাল মিয়া, মাতা- মৃত ওয়াছ খাতুন, সাং- লেদা পূর্বপাড়া, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ। মো. ছালাম (১৮, রোহিঙ্গা), পিতা- মৃত আ. হামিদ, মাতা- সানজিদা বেগম, সাং- ক্যাম্প নং-২৪, লেদা পুরাতন শরনার্থী ক্যাম্প, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ। মো. আনোয়ার হোসাইন (২৭), পিতা- ছৈয়দ নূর, মাতা- মৃত আয়েশা বেগম, সাং- দক্ষিণ ঝাপুয়া, কালামারছড়া ইউনিয়ন, মহেশখালী; বর্তমানে লেদা পুরাতন স্টেশন, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Post a Comment

0 Comments