জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গ্যারেজ মালিক গিয়াস উদ্দিন (৪৫) অপহরণের শিকার হন। স্থানীয় মিন্টুসহ তিনি মোটরসাইকেলযোগে চিরিঙ্গা পৌরশহরে যান। ফেরার পথে মাতামুহুরী সেতু এলাকায় প্রতিপক্ষের জনৈক তৌহিদের নেতৃত্বে পাঁচজন তাদের মোটরসাইকেল ব্যারিকেড দেয়। বন্দুকের ভয় দেখিয়ে মিন্টুকে সরিয়ে দিয়ে গিয়াসকে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। শনিবার ভোরে মাতামুহুরী সেতু এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গিয়াস উপজেলার কাকারা ইউনিয়নের দীঘির পাড় এলাকার গোলাম কাদেরের ছেলে।
এদিকে শনিবার দুপুরে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের ফুলতলা গ্রামে জমি নিয়ে ঝগড়ার সময় ভাইয়ের ছেলে খোকা চাচা হারুনুর রশীদকে (৪৫) ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হারুনুর রশীদ ফুলতলা গ্রামের মৃত ছাবের আহমদের ছেলে।
নিহত গিয়াসের স্ত্রী জান্নাতুল নাঈম অভিযোগ করেন, করাইয়াঘোনা এলাকার সন্ত্রাসী ও গরুচোর খ্যাত তৌহিদ দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধী চক্র গড়ে তোলে এবং টমটম চার্জিং স্টেশনের গাড়িচালকদের টার্গেট করে আসছিল। এর প্রতিবাদ করায় গিয়াসকে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধে এ খুনের ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
0 Comments