দেশে প্রথমবারের মতো নেয়া জলবায়ু উদ্বাস্তুদের সবচেয়ে বড় আবাসন প্রকল্পের তালিকা প্রণয়ন করতে গিয়ে বাঁধার মুখে পড়ে জেলা প্রশাসনের একটি দল। সকাল ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে তালিকা তৈরির কাজ শুরু করতে গেলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে নামেন।
সমিতি পাড়া এলাকায় প্রায় ৭০ হাজার মানুষের বসবাস, যারা দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে এখানে অবস্থান করছেন। এ এলাকায় দেশের সবচেয়ে বড় শুটকি মহাল গড়ে উঠেছে, যা হাজার হাজার নারী-পুরুষের জীবিকার প্রধান উৎস।
স্থানীয়দের অভিযোগ, বিমানবন্দর সম্প্রসারণের অজুহাতে এলাকাটি দখলের চেষ্টা চলছে। একটি প্রভাবশালী চক্র বিলাসবহুল স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে বলে গুঞ্জন রয়েছে। এর আগেও উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও অনেকে আহত হয়েছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নিজাম উদ্দিন আহমদ জানিয়েছেন, সমিতি পাড়ার কয়েকজন বাসিন্দা সম্প্রতি জেলা প্রশাসনের কাছে আবেদন করে জানান, তারা প্রকৃত উদ্বাস্তু। তাই পার্শ্ববর্তী খুরুশকুল এলাকায় গড়ে ওঠা সরকারি আবাসন প্রকল্পে যেন দ্রুত তাদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
0 Comments